মানিকগঞ্জে কিডনি রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ডায়ালাইসিস ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফরোজা খানম রিতা নতুন এ ইউনিটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আফরোজা খানম রিতা বলেন, তাঁর প্রয়াত পিতা ও মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা হারুনার রশিদ খান মুন্নুর জনকল্যাণমূলক স্বপ্নকে এগিয়ে নিতে এই ডায়ালাইসিস ইউনিট একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি জানান, ইউনিটটি ২৪ ঘণ্টা চালু থাকবে এবং রোগীরা যেন সুলভমূল্যে নিরাপদ ও মানসম্মত ডায়ালাইসিস সেবা পান—তা নিশ্চিত করবে কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে দুটি বেড দিয়ে সেবার কার্যক্রম শুরু হলেও ধাপে ধাপে সক্ষমতা বাড়িয়ে দশ বেডে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এতে মানিকগঞ্জ ও আশপাশের এলাকার রোগীরা আর ঢাকায় না গিয়ে নিজ জেলাতেই উন্নত ডায়ালাইসিস সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় মহলের মতে, এ ইউনিট চালু হওয়ায় অঞ্চলের সামগ্রিক স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।
মানিকগঞ্জবাসীর জন্য কিডনি সেবায় নতুন আশার আলো জ্বালালো মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল।