শিক্ষক ও কর্মচারী অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সূত্রে জানা যায়,গত-৩০-১০-২০২৫ ইং তারিখে জেলা প্রশাসক মানিকগঞ্জ বরাবর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রবীন্দ্রনাথ দাস এর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।
বিগত-২০২৪ সালের ১৪ জুলাই সরকারি নিয়োগ পাওয়ার পর থেকেই অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাস প্রশাসনিক অনিয়ম, বাজেটের অপচয় ও অর্থ আত্মসাতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে প্রশাসনিক ব্যয় বাবদ প্রাপ্ত ৪ লাখ ৬৭ হাজার টাকার মধ্যে ২১টি খাতে দেখিয়ে ৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা উত্তোলন করা হয়েছে। এর মধ্যে কর্মচারীদের পোশাক বাবদ ১৫ হাজার টাকা বরাদ্দ থাকলেও তারা সেই অর্থ পাননি। এছাড়া প্রতিষ্ঠানে পানি সরবরাহ ব্যবস্থা না থাকা সত্ত্বেও ২৫ হাজার টাকা খরচ দেখানো হয়েছে।
এছাড়াও বইপত্র, রসায়ন দ্রব্য ও আশ্বাসপত্র খাতে ৫০ হাজার টাকা এবং কম্পিউটার খাতে ৫০ হাজার টাকা খরচ দেখানো হলেও বাস্তবে কোনো ব্যয় করা হয়নি বলে অভিযোগে উল্লেখ আছে।
অন্যদিকে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি বাবদ সংগৃহীত ৬২ হাজার ৬৯৭ টাকার হিসাব না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। শিক্ষক পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি টাকা ফেরত যাওয়ার অজুহাত দেন, কিন্তু উপজেলা হিসাবরক্ষণ অফিসের তথ্য অনুযায়ী তিনি উক্ত টাকা উত্তোলন করেছেন।
শিক্ষক পরিষদের অভিযোগ, অধ্যক্ষ প্রতিষ্ঠানকে দ্বিখণ্ডিত করে স্কুল ও কলেজ বিভাগ আলাদা করে পরিচালনা করছেন, ফলে স্কুল শাখায় শিক্ষকের সংকট এবং কলেজ শাখায় কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।
শিক্ষক-কর্মচারীরা এই দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
বানিয়াজুরি ইউনিয়নের সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাসের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিষয়ে গত ০৭ নভেম্বর রোজ বৃহস্পতিবার ২০২৫ ইংরেজি তারিখে মুঠোফোনে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্রনাথ দাস ফোন রিসিভ করেননি।