মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতি নিয়ে আলোকিত বাংলাদেশ পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর ক্রাইম পেট্রোল বিডি এর একটি অনুসন্ধান টিম বুধবার সকাল ১১টায় হাসপাতাল গেট এলাকায় পৌরসভার জনসাধারণের জন্য উন্মুক্ত টয়লেটটি পরিদর্শনে যায়। অভিযোগ রয়েছে, টয়লেটটি অবৈধভাবে ভাড়া দেওয়ার ফলে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হয়েছে।
অনুসন্ধান টিমের সদস্যরা ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে হঠাৎ এক দোকানদার বের হয়ে সাংবাদিকদের চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং তাদের সঙ্গে অশোভন আচরণ করেন। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি টয়লেটসহ আশপাশের দোকানঘর ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকেন।
সাংবাদিকদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন অনিয়ম তুলে ধরলেই কিছু ব্যক্তির পক্ষ থেকে তাদের কাজের প্রতি বাধা সৃষ্টি করা হয়। অতীতেও অনিয়মের অভিযোগ উঠলেও তেমন কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তারা জানান।
সাংবাদিকরা আরও বলেন, প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ তোলা অনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের অপবাদ দেওয়া তাদের পেশাগত নিরাপত্তা ও স্বাধীনতার জন্য হুমকি।
ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।