মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চর ধানকোড়া কবরস্থান (গোরস্থান) থেকে একাধিক পুরাতন কবর খুঁড়ে অন্তত ৫টি লাশের কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে। সোমবার সকালে এলাকাবাসী কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহতদের মধ্যে দুইজন বৃদ্ধা নারী ও তিনজন বৃদ্ধ পুরুষের কঙ্কাল সম্পূর্ণভাবে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়া আরও কয়েকটি কবর আংশিক খোঁড়া ছিল, তবে শেষ রাত হওয়ায় বা কোনো কারণে সেসব কঙ্কাল নিতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মামুন, রহিম, আবায়দুরসহ অনেকে জানান, কঙ্কাল চুরির উদ্দেশ্য কী হতে পারে—এ নিয়ে তারা উদ্বিগ্ন। অতীতে শিবালয় উপজেলার একটি কবরস্থানেও একই ধরনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল বলে তারা উল্লেখ করেন।
এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন বলেন, “ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ দ্রুত কবরস্থানের নিরাপত্তা জোরদার ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।